সীমান্ত সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে বিএসএফ মহাপরিচালক
উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১৫:৪২
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ইন্ডিয়ার বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনে যোগদানের জন্যে চার দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন বিএসএফের মহাপরিচালক শ্রী রাকেশ আস্তানা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।
এসময় দুই দেশের শূন্যরেখায় বিএসএফ মহাপরিচালকসহ চার সদস্যের প্রতিনিধি দলকে স্বাগত জানান বিজিবির ব্রাহ্মণবাড়িয়া সরাইল উত্তর-পূর্ব অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন।
এসময় কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল এবিএম মহিউদ্দিন, সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইবাল হোসেনসহ বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসএফ মহাপরিচালক সীমান্ত থেকে সড়ক পথে এসে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর-৬০ বিজিবি ব্যাটালিয়ন পরিদর্শন করেন। পরে সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। সূত্র – বাংলা ট্রিবিউন

