পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার
উত্তরদক্ষিণ । রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৮:৩০
পেঁয়াজের অস্থির বাজার স্থির করতে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির আমদানিতে আরোপিত ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত এটা কার্যকর থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে অর্থমন্ত্রী মোবাইল ফোনে একটি নিউজ এজেন্সিকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পেঁয়াজ আমদানিতে যে ৫ শতাংশ শুল্ক ছিল তা প্রত্যাহার করা হয়েছে। আজকের মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে একটি এসআরও জারি করবে।’
এর আগে গত সোমবার ভারত আকস্মিকভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর গতবছরের মতই লাগামহীন হয়ে উঠতে শুরু করেছে বাংলাদেশের পেঁয়াজের বাজার। রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজের দাম রাতারাতি প্রায় দ্বিগুণ হয়ে গেছে। দাম আরও বাড়ার শঙ্কায় মানুষও প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ কিনতে শুরু করেছে।
একদিনের ব্যবধানে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ৬০ টাকা থেকে বেড়ে ৯০ বা ১০০ টাকা হয়েছে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। হুট করে পেঁয়াজ রপ্তানি বন্ধে উদ্বেগ জানিয়ে ফের তা চালু করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছিল বাংলাদেশ সরকার। সেই অনুরোধে ভারত স্থলবন্দরগুলোতে আটকে থাকা (আগে এলসি খোলা) পেঁয়াজের ট্রাকগুলো বাংলাদেশে ঢুকতে দিলেও বাজারে পেঁয়াজের দাম খুব একটা কমেনি। পাককারী বাজারে কিছুটা কমলেও খুচরা বাজারে সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে।

