ফার্মগেটে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ০৯:১০
রাজধানী ঢাকার ফার্মগেটে সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তার নাম কামরুল বাহার।
সে ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাবির প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী শিক্ষার্থীর আত্মহত্যার খবরে মর্মাহত হয়েছেন বলে জানান।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছি।
ফেসবুকে ‘আল বিদা’ স্ট্যাটাস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০৮-১৯ সেশনের শিক্ষার্থী ইমাম হোসেনের আত্মহত্যার রেশ কাটতে না কাটতেই এ ঘটনা ঘটলো।
জানা গেছে, রাজধানীর ফার্মগেটের একটি আবাসিক হোটেল থেকে কামরুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি চিরকুটে তার বড় ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানা গেছে।
ওই ছাত্র আত্মহত্যার আগে তার পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। মোবাইলও বন্ধ রাখে। তবে মৃত্যুর আগে সর্বশেষ বন্ধুদের সঙ্গে তার যোগাযোগ ছিল। কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন, তা পরিবারের সদস্যরাও জানাতে পারেননি।

