ওমরাহ নিয়ে প্রতারণার বিষয়ে সতর্কতা

ওমরাহ নিয়ে প্রতারণার বিষয়ে সতর্কতা

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৯:৩০

করোনাভাইরাস মহামারীর মধ্যে সৌদি আরব সরকার সীমিত আকারে ওমরাহ হজ চালু করলেও বাংলাদেশকে এখনো সুযোগ দেওয়া হয়নি জানিয়ে এ নিয়ে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়। যারা ফেইসবুকে ওমরাহর দিনক্ষণ জানিয়ে নিয়ে যাওয়ার জন্য জন্য বিজ্ঞাপন দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মঙ্গলবার (৬ অক্টোবর) জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, “সৌদি সরকার থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো চিঠি পাওয়া না গেলেও কতিপয় ব্যক্তি ও এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করে ওমরাহ পালনের বিজ্ঞাপন দিচ্ছেন। এতে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সৌদি আরবের অনুমতি পাওয়া সাপেক্ষে মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার পাশাপাশি ওমরা পালনেচ্ছুদের কারও সঙ্গে আর্থিক লেনদেন না করতে অনুরোধ করা হয়। করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় সাত মাস বন্ধ থাকার পর ওমরাহযাত্রীদের জন্য রোববার থেকে সীমিত পরিসরে ওমরা হজ্ব শুরু হয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চে ওমরাহ কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি আরব সরকার। মহামারীর কারণে এবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হজও সীমিত আকারে পালিত হয়েছে।

সৌদি সরকার জানিয়েছে, তিনটি ধাপে ওমরাহ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে তাদের। প্রথম ধাপে শুধু সৌদি আরবের অবস্থানরতরাই সুযোগ পাচ্ছেন। ওমরাহর অ্যাপের মাধ্যমে সৌদি হজ মন্ত্রণালয়ে আবেদন করতে হয়েছে তাদের।

এমনিতে আগে দৈনিক ২০ হাজার জনকে ওমরাহ করার অনুমতি দেওয়া হলেও এখন এর ৩০ শতাংশ, অর্থাৎ এক দিনে ছয় হাজার জন স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ করার অনুমতি দেওয়া হচ্ছে। দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে তা বাড়িয়ে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার জনকে ওমরাহর জন্য মসজিদুল হারামে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

তৃতীয় ধাপে ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বিদেশ থেকে আসা ওমরাহযাত্রীদের মক্কার মসজিদুল হারামে ঢুকতে দেওয়া হবে। তখন প্রতিদিন ২০ হাজার মানুষ ওমরাহ করার সুযোগ পাবেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading