নারী-শিশু নির্যাতনকারী ও ধর্ষকদের শাস্তি পেতেই হবে: প্রতিমন্ত্রী

নারী-শিশু নির্যাতনকারী ও ধর্ষকদের শাস্তি পেতেই হবে: প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ | বুধবার, ০৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৮:২৭

নারী শিশু নির্যাতনকারী ও ধর্ষকদের শাস্তি পেতেই হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

তিনি বলেন, ‘নারী-শিশু নির্যাতনকারী ও ধর্ষকের কোনো রাজনৈতিক, সামাজিক কিংবা পারিবারিক পরিচয় নেই। পরিবার ও সমাজ থেকে ধর্ষণকারীদের বর্জন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে চিরতরে বহিষ্কার করতে হবে।’

মঙ্গলবার (০৬ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সিলেট এবং নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনায় নির্যাতনকারী ও ধর্ষকদের গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ফজিলাতুন নেসা বলেন, ‘তাদের নামে মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন সম্পূর্ণরূপে রোধ করতে সরকার বদ্ধপরিকর।’

দ্রুত বিচারের মাধ্যমে এদের শাস্তি নিশ্চিত করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘নারী শিশু নির্যাতনকারী ও ধর্ষকদের শাস্তি পেতেই হবে। সরকারের পাশাপাশি সকলের সন্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন দূর করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, কন্যা শিশুর জীবনের শুরু ভালো হলে পরিবার সমাজ ও দেশ উপকৃত হয়। শিশুদের উন্নয়নের মাধ্যমে সমাজ থেকে বৈষম্য দূর করা যায়। কন্যা শিশুর নিরাপত্তা ও সুরক্ষায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি করা হয়েছে। ঝরে পড়া রোধ ও উপস্থিতির হার বৃদ্ধির জন্য কন্যা শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মেয়ে শিক্ষার্থীদের হার ছেলেদের তুলনায় বেশি। স্কুল কলেজ সমূহে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ করা হয়েছে। যে কোনো বিপদে তাৎক্ষণিক সহয়তার জন্য ন্যাশনাল হেল্প লাইন ১০৯ চব্বিশ ঘন্টা চালু রয়েছে। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading