হায়দ্রাবাদে দেয়াল ধসে শিশুসহ ৯ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ | বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:৩০
ইন্ডিয়ার হায়দ্রাবাদ শহরে প্রবল বৃষ্টির মধ্যে দেয়াল ধসে দুই মাসের একটি শিশুসহ ৯ জন নিহত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে শহরটির বান্ধলাগুডা এলাকার মোহাম্মদীয়া হিলস-এ এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
এবিপি নিউজ জানিয়েছে, হায়দ্রাবাদের কয়েকটি অংশে দ্বিতীয় দিনের মতো ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত আছে, এতে শহরের বেশ কয়েকটি এলাকা পানিতে ডুবে গেছে, সড়ক ও বিমান যোগাযোগ বিঘ্নিত হচ্ছে এবং শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
ইন্ডিয়ান লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বুধবার এক টুইটে বলেছেন, “গত দুই দিন ধরে এখানে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। মোহাম্মদীয়া হিলসে একটি সীমানা দেয়াল ধসে নয় জনের মৃত্যু ও দুই জন আহত হয়েছেন।”
ধসে পড়া দেয়ালটি ১০টি বাড়ির ওপর পড়লে মর্মান্তিক ওই ঘটনাটি ঘটে। নিহতদের মৃতদেহগুলো ধ্বংসস্তূপের ভিতরে আটকা পড়ে ছিল।

