চট্টগ্রামে বিমানের আসনের নিচ থেকে ১৬০ সোনার বার উদ্ধার
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৩:৫৫
দুবাই থেকে আসা চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। কাস্টমস কর্মকর্তারা বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বারগুলো উদ্ধার করে বলে বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জানান।
তিনি বলেন, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটি সকাল ৮টা ৫ মিনিটে শাহ আমানতে নামে। “গোপন সংবাদের ভিত্তিতে বিমান বন্দর কর্তৃপক্ষকে সাথে নিয়ে কাস্টমস কর্মকর্তারা ওই ফ্লাইটে তল্লাশি চালান। সেখানে যাত্রীদের আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।” এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা সোনার বারের ওজন তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি বিমান বন্দরের ব্যবস্থাপক।

