মোদিকে ২৬ মার্চের অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ
উত্তরদক্ষিণ | সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:৩০
বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে অংশ নিতে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) ঢাকায় নবনিযুক্ত ইন্ডিয়ান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রীর ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের জানান, ‘আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের সম্মতি আছে।’
আগামী ১৬ বা ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল বৈঠক হবে। ‘আমাদের বিজয় ভারতেরও বিজয়। আমাদের একসাথে উদযাপন করা উচিৎ।’ বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ড. মোমেন বলেন, তাদের মধ্যে খুব ভাল বৈঠক হয়েছে এবং ইন্ডিয়ান হাইকমিশনার বাংলাদেশের সংবেদনশীলতা ও সমস্যাগুলো সম্পর্কে জানেন।
উভয়পক্ষই লাইন অব ক্রেডিটের আওতায় থাকা প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছেন।
ড. মোমেন বলেন, তারা সীমান্ত হত্যার বিষয়ে এবং দুপক্ষের সীমান্তের জুড়ে থাকা ইস্যু মোকাবিলা করে তা বন্ধের উপায় নিয়েও আলোচনা করেছেন। -ইউএনবি

