করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ১৮ মৃত্যু, নতুন শনাক্ত ১৩২০
উত্তরদক্ষিণ | শনিবার, ৩১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৭:৪০
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩২০ জন। শনিবার (৩১ অক্টোবর) সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর দেশে কোভিড-১৯ সংক্রমণের হালনাগাদ এই তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৩২০ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জন। আরও ১৮ জন মারা যাওয়ায় মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৯২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৪৪২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৩টি ল্যাবে ১১ হাজার ৫৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৩৬ হাজার ২৬২টি নমুনা।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৪৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ৪৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৫১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

