করোনায় আক্রান্ত মুমিনুল হক
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:১০
আরো একটি দুঃসংবাদ বাংলাদেশের ক্রিকেটে। মাহমুদউল্লাহর পর এবার মুমিনুল হকের শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মুমিনুল বলেছেন, ‘করোনায় আক্রান্তের খবর সত্য। গতকাল সোমবার (৯ নভেম্বর) টেস্ট করিয়েছিলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ফল পেয়েছি পজিটিভ।
উপসর্গ বলতে গতকাল হাল্কা জ্বর ছিল। এখন অবশ্য জ্বরও নেই। শ্বাস-প্রশ্বাসেও কোনো সমস্যা নেই। ঠাণ্ডার একটা সমস্যা তো আমার নিয়মিত। আক্রান্ত হলেও আমার শারীরিক কোন সমস্যা নেই।’
তিনদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন মাহমুদউল্লাহ। যার কারণে করাচিতে পাকিস্তান সুপার লিগ খেলতে যেতে পারেননি। এই মুহূর্তে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।
অবশ্য এই অবস্থায় মাহমুদউল্লাহ-মুমিনুল করোনায় আক্রান্ত হলেও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ড্রাফটে তাদের নাম থাকবে। নির্বাচকরা আশা প্রকাশ করছেন, চলতি মাসের শেষ সপ্তাহে টুর্নামেন্ট শুরুর আগে তারা সুস্থ হয়ে উঠবেন।
নির্বাচক হাবিবুল বাশারও বলেছেন তেমন কথা, ‘যদি কোনও কারণে কেউ করোনায় আক্রান্ত হন, তাহলে স্বাভাবিকভাবেই তার রিপ্লেস থাকতে হয়। যেহেতু টুর্নামেন্টের এখনও দেরি আছে, সেহেতু মাহমুদউল্লাহ-মুমিনুলকে নিয়ে ভয়ের কিছু নেই। তারা সুস্থ না হলে তাদের রিপ্লেস খেলোয়াড় অন্তর্ভুক্ত হবে। সুতরাং এটা নিয়ে বেশি ভাবার কারণ নেই।’

