সমুদ্র সম্পদকে কাজে লাগাতে হবে: প্রধানমন্ত্রী

সমুদ্র সম্পদকে কাজে লাগাতে হবে: প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ | রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৪৫

স্বাধীনতার পর অনেকে ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগের হাত ধরেই সমুদ্রসীমায় অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন দেশের অর্থনীতির উন্নয়নে সমুদ্রের সেই অপার সম্ভাবনাকে কাজে লাগানোর পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ কোস্ট গার্ডের দুইটি অফশোর প্যাট্রল ভেসেল (ওপিভি), পাঁচটি ইনশোর প্যাট্রল ভেসেল (আইপিভি), দুইটি ফাস্ট প্যাট্রল বোট (এফপিভি) ও বিসিজি বেইজ ভোলা- এর কমিশনিং অনুষ্ঠানে রবিবার (১৫ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

সুনাম বজায় রাখতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও ইমানের সঙ্গে দায়িত্ব পালন করতে কোস্ট গার্ডের সদস্যদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সমুদ্রসীমায় বাংলাদেশের অধিকার নিশ্চিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে আইন করে দিয়ে যান উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর যারা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতায় এসেছিল তারা দেশ ও দেশের মানুষের অধিকারের কথা কখনও বলেনি।

“আমরা যদি জিয়াউর রহমানের সরকারের কথা বলি, এরশাদ সরকারের কথা বলি বা খালেদা জিয়ার সরকারের কথা বলি..যার কথাই বলি..একজনও মেরিটাইম বাউন্ডারিতে আমাদের যে অধিকার আছে, সেই অধিকারের কথাটা কখনও তারা উল্লেখ করেনি।”

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারে এসে সমুদ্রসীমার অধিকার নিশ্চিতে কাজ করলে পরবর্তীতে বাংলাদেশ বিশাল সমুদ্রসীমা অর্জন করে জানিয়ে শেখ হাসিনা বলেন, “সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হয়ত আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে এই সমুদ্রসীমায় আমাদের যে অধিকার আছে, এটা কোনোদিনই প্রতিষ্ঠিত হত না।”

সমুদ্র সম্পদকে কিভাবে কাজে লাগানো যাবে, সরকার ইতিমধ্যে সেই পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান প্রধানমন্ত্রী। সমুদ্র সম্পদ দেশের অর্থনীতির উন্নয়নে কাজে লাগাবার একটা সুযোগ পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, “আমাদের চেষ্টাই হচ্ছে…কারণ বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাগর। বিশ্বের অনেক ব্যবসা বাণিজ্য এখান থেকেই চলাচল করে। সেদিক থেকে এখানে আমাদের অধিকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

“তাছাড়া আমাদের উপকূলীয় অঞ্চলে যারা বাস করেন…তাদের নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক উন্নতিটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তারা সব সময় অবহেলিত। কাজেই সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই সমুদ্র সম্পদকে অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগাতে চাই।”

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপোযোগী করে গড়ে তুলতে সরকার কাজ করছে জানিয়ে বাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে গণভবন প্রান্তে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবং চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ড বার্থ প্রান্তে বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading