বাস পোড়ানোর মামলায় গ্রেপ্তার আরও ১৫
উত্তরদক্ষিণ | রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:১২
রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানো ও হাতবোমা ফাটানোর ঘটনায় আরও ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ওয়ালিদ হোসেন জানান, বৃহস্পতিবারের এসব ঘটনায় দায়ের মোট ১৬টি মামলায় রবিবার (১৫ নভেম্বর) পর্যন্ত মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকাল পর্যন্ত এসব ঘটনায় মোট ৩২ জন গ্রেপ্তার হয়, যাদের মধ্যে ২৬ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। এর মধ্যেই নির্বাচনী এলাকায় হাতবোমার বিস্ফোরণ ঘটে। এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে মোট ১১টি বাস পোড়ানো হয়। এসব ঘটনায় ৯টি থানায় মোট ১৬টি মামলা হয়েছে।

