ছুটি না নিয়েই ভ্রমণে ৭ চিকিৎসক, চিকিৎসা সেবা ব্যাহত

ছুটি না নিয়েই ভ্রমণে ৭ চিকিৎসক, চিকিৎসা সেবা ব্যাহত

 উত্তরদক্ষিণ সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ । আপডেট: ১২:২৬

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ চিকিৎসকের মধ্যে সাত চিকিৎসকই ছুটি না নিয়েই কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এতে হঠাৎ করেই ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এছাড়া ওই চিকিৎসকরা মাঝে মধ্যেই ছুটি ছাড়া হাসপাতালে অনুপস্থিত থাকেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শরীয়তপুরের সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ মুরাদ।

ওই সাত চিকিৎসক হলেন- ওই হাসপাতালের রিজিওনাল মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিজভী, ডা. বদরুন্নাহার, ডা. তানিয়া, ডা. আল আমিন, ডা. রাব্বি, ডা. সিফাত তাসরিন ও ডা. তাহের।

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, ‘৫০-শয্যা বিশিষ্ট গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমিসহ মোট ১০ জন চিকিৎসক রয়েছি। শনিবার হঠাৎ করে সাত চিকিৎসককে একসাথে কর্মস্থলে অনুপস্থিত দেখা যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি তারা ছুটি না নিয়েই গত ২১ নভেম্বর সকালে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণে গেছেন। কবে নাগাদ ফিরবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

সাত চিকিৎসক হঠাৎ করে কর্মস্থলে না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিষয়টি আমি জেলা সিভিল সার্জনকে জানিয়েছি।’

যোগাযোগ করা হলে জেলা সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ মুরাদ বলেন, ‘সাত চিকিৎসক ছুটি না নিয়ে ভ্রমণে গিয়েছেন এটা জানতে পেরে আমি তাদেরকে শোকজ করার জন্য বলেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ সূত্র: ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading