এবার আমিরাত ও বাহরাইনে যাচ্ছেন নেতানিয়াহু

এবার আমিরাত ও বাহরাইনে যাচ্ছেন নেতানিয়াহু

উত্তরদক্ষিণ | বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৫৮

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি আরবের পর এবার সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সফরে যাচ্ছেন। তবে সৌদি সফরে যে ব্যাপক গোপনীয়তা বজায় রাখা হয়েছে আমিরাত বা বাইরাইনের ক্ষেত্রে তেমন কোন রাখঢাক থাকছে না। নেতানিয়াহুর এ সফর হবে দেশ দু’টিতে ইসরায়েলের কোনও প্রধানমন্ত্রীর প্রথম প্রকাশ্য সফর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসরায়েলের সরকার সমর্থক একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যের এ দুইটি দেশে ঐতিহাসিক সফরে যাচ্ছেন নেতানিয়াহু।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে মধ্যপ্রাচ্যে সৌদি বলয়ের দেশ আমিরাত ও বাহরাইন।

মধ্যপ্রাচ্যের দুই দেশে নেতানিয়াহুর সফরসূচি চূড়ান্ত করতে এখন ব্যস্ত সময় পার করছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর। সফরে আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ (এমবিজেড) এবং বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সঙ্গে সাক্ষাত করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

এর আগে রবিবার (২২ নভেম্বর) সৌদি আরব সফর করেন নেতানিয়াহু। গোপন এ সফরে এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। এছাড়া সৌদি সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-র সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন এসব বৈঠকে উপস্থিত ছিলেন।

ইসরায়েলের খান পাবলিক রেডিও এবং আর্মি রেডিও জানিয়েছে, সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বহুল আলোচিত নিওম সিটিতে এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছেন, সৌদি আরবসহ আরও বেশ কয়েকটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে। তবে ট্রাম্প দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে না পারায় এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এর মধ্যেই সৌদি সফরে গিয়ে যুবরাজের সঙ্গে বৈঠকে মিলিত হন নেতানিয়াহু।

ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেৎজ জানিয়েছে, এভিয়েশন ট্র্যাকিং ডাটায় দেখা গেছে, একটি ব্যক্তিগত জেট বিমান নিয়ে ইসরায়েলের তেল আবিব থেকে সৌদি আরবের নিওম শহরে পৌঁছান নেতানিয়াহু। রবিবার (২২ নভেম্বর) সেখানেই যুবরাজ এমবিএস এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাক্ষাতের কর্মসূচি নির্ধারিত ছিল।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলো বলছে, নেতানিয়াহুকে বহনকারী বিমানটি দুই ঘণ্টার মতো নিওমে অবস্থান করে। হারেৎজ জানিয়েছে, এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য একাধিক বার এই জেট বিমানটি ব্যবহার করেন নেতানিয়াহু।

এমন সময়ে নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে সিরিজ সফরে যাচ্ছেন যখন হোয়াইট হাউসে বিশ্বস্ত মিত্র ট্রাম্পকে হারালো ইসরায়েল। মূলত ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার অংশ হিসেবেই আমিরাত ও বাহরাইনের সঙ্গে প্রকাশ্য সম্পর্ক স্থাপনে সমর্থ হয় ইসরায়েল। সূত্র: আনাদোলু এজেন্সি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading