নেতানিয়াহুর সফরের এক দিন পরই সৌদি নিরাপদ দেশের তালিকায় যুক্ত

নেতানিয়াহুর সফরের এক দিন পরই সৌদি নিরাপদ দেশের তালিকায় যুক্ত

উত্তরদক্ষিণ | বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:২৬

সৌদি আরবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের এক দিন পরই দেশটির করোনা নিষেধাজ্ঞার তালিকা থেকে সৌদির নাম বাদ দেওয়া হয়েছে। ফলে সৌদি থেকে ইসরায়েলের যাওয়া পর্যটকদের কোয়ারেন্টিন মানতে হবে না।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে, সৌদি আরবকে নিরাপদ দেশের তালিকায় যুক্ত করা হয়েছে। তবে এর সঙ্গে নেতানিয়াহুর সৌদি আরব সফরের কোনো যোগসূত্র নেই।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক হেজি লেভি মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারি গণমাধ্যম কেনকে বলেন, এটি সাধারণ একটি প্রক্রিয়া। প্রতি দুই সপ্তাহে একবার এটি হয়। আগের তালিকায় সৌদি আরব ‘লাল’ তালিকায় ছিল। এখন সেখানে অসুস্থতার (করোনাভাইরাসে আক্রান্ত) হার কমে যাওয়ায় ‘গ্রিন’ তালিকায় চলে এসেছে। এর সঙ্গে কোনো দেশে কারও সফরের সম্পর্ক নেই।

তবে সৌদি আরব ওই গ্রিন তালিকায় যুক্ত হলেও নেতানিয়াহু ও তাঁর কর্মীরা ফেরার পর কৌশলগত কারণে ১৪ দিনের কোয়ারেন্টিনে যাওয়ার কথা।

রোববার সৌদির আলোচিত শহর নিওম সিটিতে নেতানিয়াহু ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

এএফপি বলছে, ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রীর এমন সফর এর আগে হয়নি।

কেনের কূটনৈতিক প্রতিবেদক এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বলেন, গোপন এই সফরে নেতানিয়াহুর সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োশি কোহেনও ছিলেন। তবে সৌদি আরবের পক্ষ থেকে বৈঠকের বিষয়টি অস্বীকার করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading