চীনা টিকা নিয়েছেন কিম জং উন

চীনা টিকা নিয়েছেন কিম জং উন

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:৫৭

চীন সরকার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তার পরিবারকে করোনার পরীক্ষামূলক টিকা প্রদান করেছে। জাপানের গোয়েন্দা সূত্রের বরাতে এক মার্কিন বিশ্লেষক মঙ্গলবার (১ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াশিংটনে উত্তর কোরিয়া বিশেষজ্ঞ হ্যারি কাজিয়ানিস বলেন, কিমসহ উত্তর কোরিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও টিকা দেওয়া হয়েছে।

তবে কিমের পরিবার কোন প্রতিষ্ঠানের তৈরি টিকা পেয়েছে, তা জানানো হয়নি। ওই টিকা নিরাপদ প্রমাণিত কি না, তাও জানা যায়নি।

নাইনটিনফোরটিফাইভ নামের একটি অনলাইন সাইটে একটি নিবন্ধ লিখেছেন কাজিয়ানিস। তাতে তিনি লিখেছেন, ‘গত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কিম জং–উনসহ তাঁর পরিবারের সদস্য, উচ্চপর্যায়ে কর্মকর্তা ও নেতৃত্ব পর্যায়ে থাকা লোকজনকে টিকা দেওয়া হয়েছে। চীনা সরকারের পক্ষ থেকে ওই টিকা সরবরাহ করা হয়েছে।’

যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিজ্ঞানী পিটার জে হোটেজকে উদ্ধৃত করে কাজিয়ানিস বলেছেন, কমপক্ষে তিনটি চীনা প্রতিষ্ঠান করোনার টিকা তৈরি করছে। এর মধ্যে রয়েছে সিনোভ্যাক বায়োটেক লিমিটেড, ক্যানসিনো ও সিনোফার্ম গ্রুপ।

সিনোফার্ম জানিয়েছে, চীনে প্রায় ১০ লাখ মানুষকে টিকা দিয়েছে তারা। তবে এ তিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো তাদের পরীক্ষামূলক টিকার তৃতীয় পর্যায়ে ফলাফল ঘোষণা করা হয়নি।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাদের দেশে করোনার সংক্রমণ শনাক্তের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) বলছে, উত্তর কোরিয়া চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করায় তাদের দেশে করোনার সংক্রমণের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। চীনে করোনার উৎপত্তি হওয়ার পরে গত জানুয়ারি মাসেই সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া।

মাইক্রোসফট দাবি করে, গত মাসে উত্তর কোরিয়ার দুটি হ্যাকিং গ্রুপ বিভিন্ন দেশে টিকা প্রস্তুতকারকদের নেটওয়ার্ক ভাঙার চেষ্টা করে। তবে মাইক্রোসফট কোনো প্রতিষ্ঠানের নাম জানায়নি। সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উত্তর কোরিয়ার হ্যাকাররা ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক অ্যাস্ট্রাজেনেকার তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading