পৃথিবীর নিঃসঙ্গতম হাতি আশ্রয় পেলো ক্যাম্বোডিয়ায়
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৪৫
পাকিস্তানের এক চিড়িয়াখানায় দুঃসহ জীবন যাপন করছিল অতিমাত্রায় স্থূল হাতি যেটি বিশ্বের নিঃসঙ্গতম হাতি হিসেবে পরিচিত। হাতিটিকে পাকিস্তান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ক্যাম্বোডিয়ায়।
হাতিটির মুক্তির জন্য আইনি দলের খরচ বহন করেছেন পপ তারকা শের। কাভান নামের এই হাতিটির নতুন জীবনকে স্বাগত জানিয়েছেন তিনি।
প্রায় পঁয়ত্রিশ বছর ধরে নিম্মমানের জরাজীর্ণ একটি চিড়িয়াখানায় বন্দী ছিল কাভান। ২০১২ সালে সঙ্গীর মৃত্যুর পর থেকে নিঃসঙ্গ জীবনযাপন করছে হাতিটি।
ক্যাম্বোডিয়ায় হাতিটির ঠাঁই হয়েছে একটি সুরক্ষিত বন্যপ্রাণী অভয়াশ্রমে যেখানে খোলা আকাশের নীচে আরো হাতির দল থাকে।
কম্বোডিয়ার একটি বিমানবন্দরে নেমে বার্তা সংস্থা এএফপিকে শের বলেন, “আমি অত্যন্ত খুশি ও গর্বিত যে সে এখন এখানে”।
তিনি বলেন, “সে চমৎকার। চমৎকার প্রাণী”।
প্রাণী কল্যাণ নিয়ে কাজ করা সংস্থা এফপিআই এর একজন পশু চিকিৎসক ডঃ আমির খলিল বলেছেন, পাকিস্তান থেকে যাওয়ার সময় কাভানের আচরণ ছিলো একজন নিয়মিত ভ্রমণকারীর মতো। সে খেয়েছে এবং বিমান ভ্রমণের সময় কিছুটা ঘুমিয়েছে।
এএফপিকে ক্যাম্বোডিয়ার উপ পরিবেশ মন্ত্রী নেথ ফেকাত্রা বলেছেন, “খুব বেশি দিন তাকে বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গতম হাতি থাকতে হবেনা। আমরা আশা করছি স্থানীয় হাতির সাথে তার প্রজননের ব্যবস্থা করতে পারবো। এটি এ জাত সংরক্ষণের একটি প্রচেষ্টা”।
ওদিকে অভয়াশ্রমের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে বৌদ্ধ ভিক্ষুরা কাভানকে কলা ও তরমুজ দেয় এবং তারা প্রার্থনা ও পবিত্র পানি ছিটিয়ে তাকে আশীর্বাদ করে।

