জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাৎ ‘মায়া: দ্য লস্ট মাদার’
উত্তরদক্ষিণ | বুধবার, ০২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৩৬
নির্মাণশৈলিতে আরো একবার নিজে জাত চেনালেন কবি ও চলচ্চিত্রকার মাসুদ পথিক। তার নির্মিত ‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমাটি জিতে নিয়েছে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আটটি পুরস্কার। যা এ বছর কোনো সিনেমার জন্য সর্বাধিক। ২০১৪ সালে মাসুদ পথিকের ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ জিতে নিয়েছিল ছয়টি পুরস্কার।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে প্রকাশ করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ বিজয়ীদের তালিকা। প্রজ্ঞাপন থেকে জানা গেছে, শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেত্রী, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, শ্রেষ্ঠ গায়িকা, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ সম্পাদক ও শ্রেষ্ঠ মেকআপম্যান ক্যাটাগরিতে ‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমাটি পুরস্কৃত হয়েছে।
এছাড়া ছয়টি বিভাগে পুরস্কার পাচ্ছে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত সিনেমা ‘ন ডরাই’। তিনটি করে পুরস্কার পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ‘ফাগুন হাওয়ায়’ ও দেশ বাংলা মাল্টিমিডিয়ার ‘মনের মতো মানুষ পাইলাম না’।
এ বছর সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার পাচ্ছে দ্বৈতভাবে ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়ায়’। সেরা পরিচালক হিসেবে পাচ্ছেন তানিম রহমান অংশু (ন ডরাই)।
‘আবার বসন্ত’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। ‘ন ডরাই’-এর জন্য সেরা অভিনেত্রী হয়েছেন সুনেরাহ বিনতে কামাল।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এই আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা-প্রযোজক-পরিচালক মাসুদ পারভেজ (সোহেল রানা) ও অভিনেত্রী-প্রযোজক-পরিচালক কোহিনুর আক্তার সুচন্দা।

