আমেরিকা মানবতাবাদের শেষ লাইন অতিক্রম করেছে: চীন
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:১৫
চীনা পত্রিকা গ্লোবাল টাইমস করোনা নিয়ে আমেরিকার কড়া সমালোচনা করল। সংবাদপত্রে লেখা হয়েছে, করোনা মহামারিতে ফেঁসে গিয়েছে আমেরিকা। রিপোর্টে দাবি করা হচ্ছে, করোনার নিয়ম মানতে মার্কিন সরকার মানুষকে একজোট করতে পারছে না।
চীনা পত্রিকা বলছে, মার্কিন সরকার এমন ভয়াবহ অপরাধ করছে যা ক্ষমা করা যায় না।
গ্লোবাল টাইমস বলছে, আমেরিকা, যাকে বিশ্বের সর্বাধিক উন্নত দেশ বলা যেতে পারে, আজ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হয়ে উঠেছে।
উল্লেখ্য, আমেরিকায় করোনায় সব থেকে বেশি মৃত্যু ঘটেছে।
ডিসেম্বরের প্রথম পাঁচ দিনে আমেরিকায় আক্রান্ত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। প্রতিদিন ২০০০ এর বেশি মানুষের মৃত্যু হচ্ছে। গ্লোবাল টাইমস লিখেছে, এত লোকের মৃত্যু একবিংশ শতাব্দীতে মানবতার জন্য লজ্জাজনক।
অন্যদিকে আমেরিকায় করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে।
গ্লোবাল টাইমস বলছে, এখন সময় এসেছে যখন আন্তর্জাতিক ভাবে সাহসী হয়ে বিশ্বের অন্য দেশগুলিকে আমেরিকার বর্তমান সরকারকে প্রশ্ন করা উচিত। গ্লোবাল টাইমস-এর রিপোর্টে বিস্ফোরক ভাবে লেখা হয়েছে, আমেরিকা মানবতাবাদের শেষ লাইন অতিক্রম করেছে।
গ্লোবাল টাইমসের বক্তব্য, বিশ্বের অন্যান্য দেশগুলি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। আমেরিকা যেন তার লোকদের ঈশ্বরের ভরসায় ছেড়ে না দেয়। যদি কোনও ব্যক্তি করোনা সুরক্ষার নিয়ম না মানে সেক্ষেত্রে সরকারের উচিৎ কিছু শর্ত দিয়ে কাজ করা।

