মরুর দেশে ইতিহাস লিখতে যাচ্ছে শীতকালীন বিশ্বকাপ
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:২৭
২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ ইতিহাস লিখতে যাচ্ছে শীতকালে বসে। মরুর দেশের বিশ্বকাপের জন্য এশিয়ার বাছাই পর্ব গত বছর শুরু হলেও তা মাঝপথে থেমে গেছে করোনা ভাইরাসের আকস্মিক প্রাদুর্ভাবে। একই কারণে দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব শেষ হয়েছে গত অক্টোবরে। অপেক্ষা ছিল কবে শুরু হবে বিশ্বকাপের চূড়ান্তপর্বে সবচেয়ে বেশি ১৩ দেশের প্রতিনিধিত্বকারী মহাদেশের বাছাইপর্ব।
আগামী মার্চ থেকে শুরু হবে ইউরোপের বাছাইপর্ব। এটির ড্র হয়ে গেল সোমবার (৭ নভেম্বর) রাতে। ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন গ্রিজমান-এমবাপ্পেদের ফ্রান্স পড়েছে ‘ডি’ গ্রুপে, তাদের সঙ্গী চারটি দল ইউক্রেন, ফিনল্যান্ড, বসনিয়া ও কাজাখস্তান।
গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া ‘এইচ’ গ্রুপে পড়েছে স্লোভাকিয়া, রাশিয়া, স্লোভেনিয়া, সাইপ্রাস ও মাল্টাকে নিয়ে। ‘আই’ গ্রুপে ইংল্যান্ড সঙ্গী হিসেবে পেয়েছে পোল্যান্ড, হাঙ্গেরি, আলবেনিয়া, অ্যান্ডোরা ও স্যান মেরিনোকে। রাশিয়া বিশ্বকাপের আরেক সেমিফাইনালিস্ট বেলজিয়াম পড়েছে ‘ই’ গ্রুপে, তাদের লড়াই চেক রিপাবলিক, ওয়েলস, বেলারুশ ও এস্তোনিয়ার সঙ্গে।
বিশ্বকাপে ইউরোপের সফলতম দর জার্মানি ‘জে’ গ্রুপে পেয়েছে রোমানিয়া, আইসল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, আর্মেনিয়া ও লিখটেনস্টাইনকে। তিনবারের বিশ্বকাপজয়ী ইতালি পড়েছে ‘সি’ গ্রুপে, সঙ্গী সুইজারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, বুলগেরিয়া ও লিথুয়ানিয়া। ইউরো চ্যাম্পিয়ন রোনালদোদের পর্তুগাল ‘এ’ গ্রুপে সঙ্গী পেয়েছে সার্বিয়া, আয়ারলান্ড, লুক্সেমবার্গ ও আজারবাইজানকে। ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন সুইডেন, গ্রিস, জর্জিয়া ও কসোভোকে নিয়ে পড়েছে ‘বি; গ্রুপে।
আগামী মার্চ মাসে শুরু হয়ে বাছাইপর্ব শেষ হবে নভেম্বরে। এর মধ্যে অবশ্য পাওয়া যাবে দশটি গ্রুপের শীর্ষস্থান নিয়ে চূড়ান্তপর্বে জায়গা করে নেওয়া ১০টি দলকে। ১০ গ্রুপের রানার্সআপ আর উয়েফা নেশনস লিগ থেকে আসা দুই দলকে নিয়ে ১২ দলের প্লে-অফ শেষ হবে ২০২২ সালের মার্চে। প্লে-অফ থেকে তিন দল যাবে চূড়ান্ত পর্বে।
২০২২ সালের ২১ নভেম্বর বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর। মরুর দেশ কাতারের তীব্র গরমের কারণে ইতিহাসে এই প্রথমবারের মতো বিশ্বকাপ হতে যাচ্ছে শীতকালে।
গ্রুপ ‘এ’ : পর্তুগাল, সার্বিয়া, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, আজারবাইজান
গ্রুপ ‘বি’: স্পেন, সুইডেন, গ্রিস, জর্জিয়া, কসোভো
গ্রুপ ‘সি’: ইতালি, সুইজারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, বুলগেরিয়া, লিথুয়ানিয়া
গ্রুপ ‘ডি’: ফ্রান্স, ইউক্রেন, ফিনল্যান্ড, বসনিয়া, কাজাখস্তান
গ্রুপ ‘ই’: বেলজিয়াম, ওয়েলস, চেক রিপাবলিক, বেলারুশ, এস্তোনিয়া
গ্রুপ ‘এফ’: ডেনমার্ক, অস্ট্রিয়া, স্কটল্যান্ড, ইসরায়েল, ফারো আইল্যান্ডস, মলদোভা
গ্রুপ ‘জি’: নেদারল্যান্ডস, তুরস্ক, নরওয়ে, মন্টেনেগ্রো, লাটভিয়া, জিব্রাল্টার
গ্রুপ ‘এইচ’: ক্রোয়েশিয়া, স্লোভাকিয়া, রাশিয়া, স্লোভেনিয়া, সাইপ্রাস, মাল্টা
গ্রুপ ‘আই’: ইংল্যান্ড, পোল্যান্ড, হাঙ্গেরি, আলবেনিয়া, অ্যান্ডোরা, স্যান মেরিনো
গ্রুপ ‘জে’: জার্মানি, রোমানিয়া, আইসল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, আর্মেনিয়া ও লিখটেনস্টাইন

