১০০ দিনে ১০০ মিলিয়ন টিকা দেবেন বাইডেন
উত্তরদক্ষিণ | বুধবার, ০৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৩০
আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দায়িত্ব নেয়ার ১০০ দিনের মধ্যে ১০০ মিলিয়ন করোনাভাইরাসের টিকা দেয়ার লক্ষ্য পূরণ করবেন। মঙ্গলবার ( ৮ ডিসেম্বর) একটি রিপোর্টের পর ফাইজার/বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন এবং আমেরিকানদের জন্য সরবরাহের পথ সূচিত হয়েছে।
ডেলাওয়ারে একটি সংবাদ সম্মেলনে অংশ নেন বাইডেন। সেখানে তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জেভিয়ার বেসেরাকে তার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এবং রোশেল ওয়ালেনস্কিকে জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান হিসেবে মনোনয়ন দেন।
বাইডেন বলেন, “আমার প্রথম ১০০ দিনে কোভিড-১৯ ভাইরাস শেষ হয়ে যাবে না। সেটা আমি ওয়াদা করতে পারবো না। আমরা হঠাৎ করেই এই বিপদে জড়াইনি আর তাই হঠাৎ করে চলেও যাবে না।”
তিনি বলেন, প্রথম ১০০ দিনে আমরা রোগের গতিপথ বদলে দিতে পারি।
তিনি সতর্ক করে বলেন যে,কংগ্রেস যদি দ্বিপক্ষীয় আলোচনার সমাপ্তি টেনে জরুরি ভিত্তিতে তহবিলের ব্যবস্থা না করে তাহলে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের সব প্রচেষ্টা “মন্থর বা আটকে” যেতে পারে।
তিনি বলেন, শিশুদের স্কুলে ফিরিয়ে নেয়াটাও অগ্রাধিকারের মধ্যে থাকবে।
কিন্তু আমেরিকা ইতিহাসে সর্ববৃহৎ এই ভ্যাকসিন কর্মসূচী কেমন হতে পারে সে বিষয়ে বিস্তারিত তেমন কিছু জানাননি জো বাইডেন।
বাইডেনের অন্যান্য উপদেষ্টাদের মধ্যে ডা. অ্যান্থনি ফাউচি হচ্ছে প্রধান কোভিড মেডিকেল উপদেষ্টা।

