মধ্যপ্রাচ্যে বোমারু বিমান পাঠাল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে বোমারু বিমান পাঠাল যুক্তরাষ্ট্র

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:১৮

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে এবার মধ্যপ্রাচ্যে দুই ভয়ঙ্কর বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সামরিক বাহিনী বি -৫২ এইচ মডেলের দুটি বোমারু বিমান মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সাধারণ বোমার পাশাপাশি পারমাণবিক বোমা বহন ও নিক্ষেপে সক্ষম এই দূরপাল্লার যুদ্ধবিমান। ইরাক ও আফগানিস্তান থেকে সেনা সংখ্যা কমিয়ে আনার চলমান প্রক্রিয়ার মধ্যেই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ইরানকে সম্ভাব্য আক্রমণ থেকে বিরত রাখার প্রচেষ্টা হিসেবে মধ্যপ্রাচ্যে এই বিমান পাঠাল যুক্তরাষ্ট্র।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নিযুক্ত শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বিবৃতির মাধ্যমেও মধ্যপ্রাচ্যে এই বোমারু বিমান পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছিলেন, টানা অর্ধ পৃথিবী চক্কর কাটতে সক্ষম এই কৌশলী বোমারু বিমানগুলো আমাদের আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করে। স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় আমাদের যৌথ প্রতিজ্ঞা অটুট রাখতে ক্ষিপ্র গতি নিয়ে সক্রিয় থাকে।

নাম প্রকাশ না করার শর্তে এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে বলেন, কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নয়; ইরানকে বিরত রাখতে বিমানগুলো মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। সম্প্রতি ইরাকে কিছু ইঙ্গিত পাওয়া গেছে যে ইরান বা তাদের সমর্থিত বাহিনী আক্রমণের পরিকল্পনা করতে পারে।

ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাদের সংখ্যা ক্রমাগত হ্রাস এবং ইরানের অভিজাত কুদস বাহিনীর কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যার এক বছর পূর্ণ হবার কারণে এই অতি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির উদ্ভব হয়েছে।

বোমারু বিমান দুটি লুইসিয়ানার বার্কসডেল বিমান ঘাঁটি থেকে রওনা দেয়। যদিও কোথাও কোনো বোমা নিক্ষেপ করা হয়নি বলে এখন পর্যন্ত জানান গেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনাকারী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকোম) বিবৃতি অনুসারে, ওই অঞ্চলে আগ্রাসন রোধ এবং মিত্রদের আশ্বাস দেওয়ার লক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading