করোনাক্রান্ত ইরেশ যাকের
উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:৪২
অভিনেতা-প্রযোজক ইরেশ যাকের করোনাভাইরাস পজিটিভ। বাবা কিংবদন্তি অভিনেতা আলী যাকেরের মৃত্যুর ১৫ দিনের মাথায় রবিবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
ইরেশ যাকের বলেন, ‘আমি কোভিড পজিটিভ হয়েছি। অনুরোধ করছি গেল এক সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের নিরাপদে থাকার। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, করোনার প্রাথমিক লক্ষণ বিষয়ে। সবার জন্য দোয়া।’
ইরেশ জানান, হালকা জ্বর আর কাশি নিয়ে তাকে একটি ইভেন্টে আয়োজকেরা যেতে বাধ্য করেন। ইরেশ তাদের বারবার অনুরোধ করেছিলেন। তবু তারা নাছোড়বান্দা। অগত্যা যেতে হয় ইরেশকে। অল্প সময় থেকে এরপর চলে আসেন তিনি।
ইরেশ বললেন, ‘আমরা কেন জানি এখনো সচেতন হচ্ছি না। সবারই তো নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকা উচিত। আমি সাধারণত অসুখের খবর ফেসবুকে জানাই না। কিন্তু এবার জানাতে বাধ্য হয়েছি। কারণ, আমি সেদিন যে ইভেন্টে গিয়েছি, তাদের সবাইকে আলাদা করে ফোন করে জানানো সম্ভব নয়। তারা যেন আমার ফেসবুক পোস্ট পড়ে সচেতন হন এবং নিজ দায়িত্বে করোনা টেস্ট করান।’
২৭ নভেম্বর ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলী যাকের। মৃত্যুর দুদিন আগে তিনি করোনা পজিটিভ হন। তবে আগে থেকেই বর্ষীয়ান এই অভিনেতা ক্যানসারে ভুগছিলেন।

