হানিফ সংকেতের অনুষ্ঠান উপস্থাপনায় তারিন

হানিফ সংকেতের অনুষ্ঠান উপস্থাপনায় তারিন

উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:০০

নন্দিত নির্মাতা হানিফ সংকেত নির্মাণ করেছেন বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’। অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন অভিনেত্রী-নৃত্যশিল্পী তারিন জাহান।

নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, ১৯৭১ সালের ১৩ জুন মহান মুক্তিযুদ্ধের সময় সৈয়দপুরে সংগঠিত হয়েছিলো নির্মম ও বর্বর হত্যাকাণ্ড। যা ‘গোলাহাট গণহত্যা’ নামে পরিচিত। যে অপারেশনে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ প্রায় সাড়ে ৪শ মানুষকে রামদা দিয়ে কুপিয়ে এবং বেয়নেট দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ট্রেনে সংগঠিত সেই মর্মান্তিক ট্র্যাজেডির ওপর এই অনুষ্ঠানে থাকছে একটি অনুসন্ধানী প্রতিবেদন।

অনুষ্ঠানে আরও রয়েছে মৌলভীবাজারের মুক্তিযুদ্ধের তথ্যচিত্র ও স্মারক সংগ্রাহক বিকুল চক্রবর্তীর ওপর একটি প্রতিবেদন। ব্যক্তিগত উদ্যোগে যিনি প্রকৃত দেশপ্রেম, দেশ গড়ার আদর্শ, ইতিহাসের সঠিক তথ্য আহরণ এবং নতুন প্রজন্মের প্রতি দায়িত্ববোধ থেকে এ পর্যন্ত ৫১টিরও বেশি মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক প্রদর্শনীর আয়োজন করেছেন।

এই অনুষ্ঠানে রয়েছে মুক্তিযোদ্ধা প্রেমিক, নরসুন্দর গোপাল চন্দ্র শীলের ওপর একটি অনুকরণীয় প্রতিবেদন। এই পেশার শুরু থেকে এখন পর্যন্ত দীর্ঘ ২৫ বছরে যিনি কখনোই মুক্তিযোদ্ধাদের কাছ থেকে কোনও অর্থ নেননি। বিনে পয়সায় মুক্তিযোদ্ধাদের চুল কেটে দিয়েছেন এবং এখনও কাটছেন।

হানিফ সংকেত বলেন, ‘এছাড়াও ভিন্ন আঙ্গিকের এই অনুষ্ঠানটিতে আমাদের বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে গর্বিত বিজয় নিয়ে রয়েছে তিনটি দেশাত্মবোধক গান। ব্যাপক আয়োজনে নির্মিত গানগুলিতে অংশগ্রহণ করেছেন দেশের শীর্ষস্থানীয় সংগীতশিল্পীরা।’

গীতিকবি মনিরুজ্জামান পলাশের কথায় একটি গানে সুর ও কণ্ঠ দিয়েছেন রবি চৌধুরী। আপেল মাহমুদের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন বাপ্পা মজুমদার ও ব্যান্ড দলছুট। আরেকটি গান গেয়েছেন এস আই টুটুল। কথা লিখেছেন লিটন ঘোষ জয়, সুর করেছেন শিল্পী নিজেই।
ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলির নান্দনিক চিত্রায়ণ করা হয়। অনুষ্ঠানটি ১৬ ডিসেম্বর রাত ৮টায় প্রচার হবে এটিএন বাংলায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading