‘ডিজিটাল বাংলাদেশ’ পুরস্কার পেলো সিএএমএস
উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:২০
চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে সরকারি কারিগরি ক্ষেত্রে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২০’অর্জন করেছে সেন্ট্রাল এইড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএএমএস)।
গত শনিবার (১২ ডিসেম্বর) ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
ডিজিটাল বাংলাদেশ নির্মাণের রূপকল্প তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিতপূর্বক উপকারভোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণে দ্রুততা, স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর সমন্বয় নিশ্চিতকরণের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম হলো সেন্ট্রাল এইড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএএমএস)।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সেন্ট্রাল এইড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএএমএস) এর কলেবর বৃদ্ধি করে সব মানবিক সহায়তা বিতরণ ব্যবস্থাপনায় ব্যবহারের জন্য নির্দশনা প্রদান করেন।
প্রসঙ্গত, বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতরের সব ধরনের খাদ্যবান্ধব কর্মসূচি ব্যবস্থাপনা ও পরিচালনা করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের তৈরি সেন্ট্রাল এইড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএএমএস)। এর ব্যবহারের মাধ্যমে প্রায় ৭৫ লাখ উপকারভোগী পরিবারের কার্যক্রম চলমান রয়েছে।

