সাইকো থ্রিলারে বাপ্পীর সঙ্গে অধরা ও বিপাশা
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:০৮
সোমবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়েছে ‘গিভ অ্যান্ড টেক’ নামে সাইকো থ্রিলার কাহিনী নির্ভর ছবির শুটিং। এর প্রধান চরিত্রে আছেন বাপ্পী চৌধুরী, অধরা খান ও বিপাশা কবির। অপূর্ব রানা পরিচালিত ছবিটির বাংলা নাম ‘বিনিময়’।
ছবির ইংরেজি নাম নিয়ে পরিচালক বলেন,’এখন আসলে ডিজিটাল প্লাটফর্মের যুগ। আর এ ধরনের প্ল্যাটফর্মের দর্শকদের কথা মাথায় রেখেই ইংরেজি নাম রাখা হয়েছে, তবে বাংলা নামও থাকবে। তবে আলাদা করে কোন অ্যাপের জন্য ছবিটি বানাচ্ছি না। আমরা একইসঙ্গে সিনেমা হলেও ছবিটি মুক্তি দিবো।’
‘গিভ অ্যান্ড টেক’-এর কাহিনি অপূর্ব রানার। চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ।
‘নায়ক’ ও ‘কোভিড-১৯ ইন বাংলাদেশ’র পর তৃতীয়বারের মত অধরার সঙ্গে জুটি বাঁধছেন বাপ্পী চৌধুরী। তিনি বলেন, অধরার সঙ্গে আমার পূর্বে কাজ করার অভিজ্ঞতা বেশ ভালো। আশা করি এখানেও আমাদের জার্নিটা সুন্দর হবে। আর বিপাশার সঙ্গে তো অনেক ছবিই করেছি। আগে থেকে আলাদা বোঝাপড়া রয়েছে।
শরিফ চৌধুরীর প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে ঢাকা ফিল্মসের ব্যানারে।

