আমেরিকায় প্রথম টিকা নিলেন আইসিইউ নার্স
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:৩২
আমেরিকায় নিউ ইয়র্কের কুইন্সে ‘লং আইল্যান্ড জুইশ মেডিকেল সেন্টার’ হাসপাতালে আইসিইউর একজন নার্সকে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে।
সোমবার (১৪ ডিসেম্বর) নার্স সান্দ্রা লিন্ডসেকে ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা দেওয়ার মুহূর্তটি ক্যামেরায় ধারণ করা হয় এবং তা সরাসরি নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর টুইটার ফিডে দেখানো হয়।
এ বছরের শুরুতে আমেরিকা প্রথম দফা সংক্রমণের সময় নিউ ইয়র্ক দেশটির মহামারীর উপকেন্দ্র হয়ে উঠেছিল। সেই নিউ ইয়র্কেই প্রথম টিকার এই যাত্রা শুরুতে আশা আর আনন্দের বাণী ঝরে পড়েছে গভর্নর কুমোর কণ্ঠে।
তিনি বলেছেন, “এই টিকা হচ্ছে মানবতাকে অশুভ শক্তির আক্রমণ থেকে রক্ষাকবচ, যার মধ্য দিয়ে চলমান করোনাভাইরাস-বিরোধী যুদ্ধের সফল সমাপ্তি ঘটবে।”
উৎফুল্লচিত্তে কুমো আরও বলেন, “এই টিকা করোনাভাইরাস প্রতিরোধের শুভ সূচনা; যা মহামারীর সমাপ্তি ডেকে আনবে।”
ওদিকে, টিকা নেওয়ার পর নার্স লিন্ডসে বলেছেন, “এই টিকা নেওয়াটা অন্য কোনও টিকা নেওয়ার থেকে আলাদা কিছু মনে হয়নি। কোনও যন্ত্রণাও অনুভব করিনি। আশা করি এটি আমাদের ইতিহাসের অত্যন্ত বেদনাদায়ক একটি সময়ের সমাপ্তির সূচনা করবে।”
তিনি বলেন,“আমি মানুষের আস্থা বাড়াতে চাই, বলতে চাই এই টিকা নিরাপদ। আমরা একটি মহামারীর মধ্যে আছি এবং আমাদের সবাইকে নিজ নিজ কাজ করে যেতে হবে। মহামারীতে ক্ষত-বিক্ষত মানবতার পরিত্রাণে এই টিকার বিকল্প ছিল না। তাই সবাইকে তা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। তাহলেই করোনাকে পরাস্ত করা সম্ভব হবে।”
এই টিকা দেওয়ার কয়েক মিনিট পরই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একটি টুইট করেন। তিনি লেখেন, “প্রথম টিকা প্রয়োগ করা হয়েছে। অভিনন্দন আমেরিকা! অভিনন্দন বিশ্ব।”
গত ১১ ডিসেম্বর আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জরুরি ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা ব্যবহারের অনুমোদন দেয়। ১৩ ডিসেম্বর টিকার ৩০ লাখ ডোজের প্রথম চালান সারা দেশে বিতরণ করা হয়েছে।
নিউ ইয়র্কের গভর্নর বলেছেন, রাজ্যটিতে প্রথম দফায় পাওয়া টিকার ৭২ হাজার ডোজ প্রয়োগ করা হবে। প্রথমবার টিকা নেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর আবার টিকা নিতে হবে সংশ্লিষ্টদের।
কোভিড-১৯ সংক্রমণ এবং মৃত্যু উভয় তালিকাতেই এক নম্বর নাম যুক্তরাষ্ট্র। দেশটিতে এ মহামারী এরই মধ্যে প্রায় তিন লাখ মানুষের প্র্রাণ কেড়ে নিয়েছে।

