চট্টগ্রামে বাসায় ডেকে দুই বন্ধু মিলে কলেজছাত্রীকে ‘ধর্ষণ’

চট্টগ্রামে বাসায় ডেকে দুই বন্ধু মিলে কলেজছাত্রীকে ‘ধর্ষণ’

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪০

চট্টগ্রামে বাসায় ডেকে নিয়ে দুই বন্ধু মিলে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নগরীর আকবর শাহ থানায় একটি মামলা হয়েছে।

গত ১১ ডিসেম্বর (শুক্রবার) পূর্ব ফিরোজ শাহ কলোনীর একটি বাসায় ওই ঘটনা ঘটে বলে থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেছেন ওই কলেজছাত্রীর মা। ওই এলাকার বাসিন্দা রাকিবুল হাসান ওরফে আরিয়ান (২০) ও মেহেদী হাসান আশিক রব্বানী ওরফে বাবুকে (২৩) আসামি করা হয়েছে । তাদের কাউকে এখনও ধরতে পারেনি পুলিশ।

মামলায় বলা হয়েছে, দ্বাদশ শ্রেণি পড়ুয়া মেয়েটির সঙ্গে আরিয়ানের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরিবার বিষয়টি জানার পর মেয়েটি সম্পর্ক ছিন্ন করে। গত ১১ ডিসেম্বর বিকালে ওই কলেজছাত্রী বই কেনার জন্য বাসা থেকে বেরিয়ে জিইসি মোড়ে যাওয়ার সময় আরিয়ান তাকে ফোন করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন এবং পূর্ব ফিরোজ শাহ কলোনীতে তার বন্ধু বাবুর বাসায় আছেন; মেয়েটি যেন তাকে দেখতে যায়। ওই কলেজছাত্রী সেখানে গেলে আরিয়ান ও বাবু তাকে ‘ধর্ষণ’ করেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

মেয়েটির মা এজাহারে লিখেছেন, বাবুর বাসায় ওই ঘটনার সময় আর কেউ ছিলেন না। চিৎকার চেঁচামেচির আওয়াজ যেন বাইরে থেকে শোনা না যায়, সেজন্য উচ্চস্বরে গান ছেড়ে দিয়েছিল তারা। ধর্ষণের কথা প্রকাশ করলে মেয়েটিকে হত্যা করে লাশ গুম করার হুমকিও আরিয়ান ও বাবু দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, বাসায় ফিরে অসুস্থ বোধ করলে মেয়েটি তার পরিবারকে ঘটনা খুলে বলেন। তখন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

আকবর শাহ থানার ওসি জহির হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনার ‘সত্যতা’ পেয়েছেন তারা। ঘটনার পরপর আসামিরা পালিয়ে গেছে এবং তাদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading