রাশিয়ায় বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ড, ১১ জনের মৃত্যু

রাশিয়ায় বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ড, ১১ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:৪০

রাশিয়ার উরাল পবর্তমালা এলাকায় একটি বৃদ্ধনিবাসে আগুন লেগে চলাফেরায় অক্ষম ১১ জন বৃদ্ধ মারা গেছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে বাশকোর্তোস্তান অঞ্চলের ইশবুলদিনা গ্রামের ওই বৃদ্ধনিবাসে আগুন লাগে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আগুন লাগার পর চলাফেরায় অক্ষম ওই বৃদ্ধরা ভিতরে আটকা পড়ে যান। তিন ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হলেও তাদের আর ফিরে পাওয়া যায়নি।

এক বিবৃতিতে দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয় বলেছে, দমকল কর্মীরা আসার আগেই চার ব্যক্তি সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হন।

জেলা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এই চার জনের মধ্যে একজন বৃদ্ধনিবাসটির কর্মী, অন্য তিন জন এখানকার বাসিন্দা। এই তিন জনকে এক তলা ওই কাঠের বাড়িটি থেকে বের করে আনতে সক্ষম হন ওই নারী কর্মী। যে ১১ জন মারা গেছেন তারাও এখানকার বাসিন্দা। ঠিকমতো চলাফেরা করতে অক্ষম এই বৃদ্ধরা দ্রুত বের হয়ে আসতে পারেননি, বলা হয়েছে ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে।

এ ঘটনায় একটি তদন্ত শুরু করা হয়েছে বলে রাশিয়ার তদন্তকারী কমিটি জানিয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading