নোয়াখালীতে বরযাত্রীর ট্রলারডুবি, নববধূসহ ৭ জনের মরদেহ উদ্ধার
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:৫৫
নোয়াখালীর হাতিয়ায় কেরিংচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মেঘনা নদীতে বরযাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নববধূসহ সাতজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) উপজেলার চানন্দী ঘাট থেকে আনুমানিক ৮০-৮৫ জন যাত্রী নিয়ে কেয়ারিংচর এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিখোঁজের সঠিক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
উদ্ধার কাজে সাহায্যকারী স্থানীয়রা ও পুলিশের এক কনস্টেবল সোহাগ জানান, তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা অন্তত ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারে পুলিশসহ স্থানীয়রা কাজ করছে। ট্রলারের যাত্রীরা বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে যাওয়ায় উদ্ধার করতে সমস্যা হচ্ছে।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ও মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম জানান, তাৎক্ষণিক নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি। তবে নিহত নববধূর নাম তাসলিমা বলে জানা গেছে। দুর্ঘটনার শিকার যাত্রীরা বিভিন্ন ঘাট দিয়ে কূলে উঠছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কতজন যাত্রী নিখোঁজ তা জানা যায়নি।

