দেশে ভাস্কর্য আছে, থাকবে এবং আরও স্থাপন হবে: প্রতিমন্ত্রী ইন্দিরা
উত্তরদক্ষিণ | বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:৩০
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, দেশে ভাস্কর্য আছে, থাকবে এবং আরও স্থাপন করা হবে।
বুধবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধ অর্জন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
তিনি বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসে দেশে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ রোপণ করেছিলেন। আজ তারই উত্তরসূরীরা স্বাধীনতার ৫০ বছরে এসেও ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে। ভাস্কর্যবিরোধীরা অসাম্প্রদায়িকতা, স্বাধীনতার মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত হেনেছে।
নতুন প্রজন্ম ও নারীদের মৌলবাদ এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাড়াঁনোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আজ যারা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, ভাস্কর্য ভেঙে ফেলে তাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। তাদের আস্তানা ভেঙে দিয়ে বাংলাদেশ থেকে তাদের বিতাড়িত করে দাও। ত্রিশ লাখ শহীদের রক্তেভেজা এই মাটিতে মৌলবাদীদের জায়গা হবে না। তাদের জায়গা হবে ওই পাকিস্তানে।

