ষাটোর্ধ্বদের মৃত্যু হার বেড়ে ৫৪ শতাংশ
উত্তরদক্ষিণ | বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:৫০
করোনায় আক্রান্ত হয়ে ষাটোর্ধ্বদের মৃত্যু হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৭ জনের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ১৮ জন। সরকারি হিসাবে দেশে এপর্যন্ত করোনায় মোট মারা গেছেন সাত হাজার ১৫৬ জন। এদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন তিন হাজার ৮৭০ জন, শতকরা হিসাবে যা কিনা ৫৪ দশমিক শূন্য ৮ শতাংশ।
বুধবার (১৬ ডিসেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
ষাটোর্ধ্বরা অন্যান্য জটিল রোগে আক্রান্তসহ সবসময়ই করোনার জন্য ঝুঁকিপূর্ণ বলে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
গত ২৭ আগস্ট কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কথা উল্লেখ করে। এদের মধ্যে ষাটোর্ধ্বরাও রয়েছেন।

