ব্রিটিশের চেয়েও খারাপ শাসক হবেন না, মোদীকে দিল্লির মুখ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:১৩
কৃষি আইন বাতিলের দাবিতে উত্তাল গোটা ইন্ডিয়া। ক্ষমতাসীন ইন্ডিয়ান জনতা পার্টি (বিজেপি) ছাড়া সব রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে চলমান কৃষক আন্দোলনে।এমনকি নতুন এই আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হল দিল্লি বিধানসভা। এ দিন বিশেষ অধিবেশন চলাকালীন বিতর্কিত ওই আইনের কপি ছিঁড়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। সেই সঙ্গে মোদী সরকারকে ‘‘ব্রিটিশের চেয়েও খারাপ শাসক’’ না হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। খবর আনন্দবাজারের।
দিল্লিতে কৃষক বিক্ষোভ নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার বিধানভায় বসেছিল বিশেষ অধিবেশন। তাতে কেজরীবালের বক্তৃতার সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হয়।
কেজরীবাল বলেন, আমি এই ৩টি কৃষি আইন ছিঁড়ে ফেলছি এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি তারা যেন ব্রিটিশের চেয়েও খারাপ শাসক না হয়ে ওঠে।
বিধানসভায় দাঁড়িয়েই দিল্লির মুখ্যমন্ত্রীর প্রশ্ন রাখেন, করোনা অতিমারির সময় কৃষি আইন পাশ করানো নিয়ে এত তাড়াহুড়োর কী দরকার ছিল?
কেজরীবালের মতে, প্রতিটি কৃষক এখন ভগৎ সিংহ হয়ে উঠেছেন। সরকার বলছে, তারা কৃষকদের কাছে নিয়ে নয়া আইনের সুবিধা তুলে ধরবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, কৃষকদের লাভ হবে কারণ তাঁদের জমি কেড়ে নেওয়া হবে না। এটা কি সত্যিই কোনও লাভ?
প্রসঙ্গত, কৃষিসংক্রান্ত তিনটি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা অনড় অবস্থান নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন। সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও কৃষি আইন বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কৃষক সংগঠনগুলো। প্রয়োজনে তারা দিনের পর দিন আন্দোলন করার জন্য সঙ্গে প্রয়োজনীয় খাবার নিয়ে এসেছেন।
বিভিন্ন দল কৃষক আন্দোলনের সমর্থন জানালেও দলগুলোর সঙ্গে দূরত্ব বজায় রাখা হচ্ছে। কৃষক সংগঠনগুলো বলেছে যে, তাদের আন্দোলন অরাজনৈতিক। কোনো রাজনৈতিক দল সমর্থন করলে তা কৃষক সংগঠনগুলোর পতাকার নিচে এসে করতে হবে, দলীয় ব্যানারে করা যাবে না।
দিল্লি সীমানায় অবস্থান নিয়ে বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে দেখা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী দলের নেতা অখিলেশ যাদব।
তারা সেখানে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেছেন এবং কৃষক আন্দোলনে তাদের সমর্থনের কথা জানিয়েছেন। কংগ্রেস ও বাম সংগঠনগুলো ছাড়াও ক্ষমতাসীন বিজেপিবিরোধী সব দলই কৃষক আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছে।

