সৌদির ১০০ কোটি ডলার ফেরত দিল পাকিস্তান
উত্তরদক্ষিণ | শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:২৯
পাকিস্তান ঋণের ১০০ কোটি ডলার ফেরত দিয়েছে সৌদি আরবকে। সৌদি আরবের অর্থ পরিশোধ করার জন্য চীনের সহযোগিতা চেয়েছে ইসলামাবাদ। সাম্প্রতিক বছরগুলোতে চীন হচ্ছে পাকিস্তানের অর্থ সহায়তাকারী সবচেয়ে বড় মিত্র দেশ।
সৌদি আরব থেকে ঋণ নেওয়া ৩৩০ কোটি ডলারের মধ্যে দ্বিতীয় ধাপে ১০০ কোটি ডলার ফেরত দিল পাকিস্তান। এর আগে গত জুলাই মাসে দেশটি প্রথম ধাপে সৌদি আরবকে আরো ১০০ কোটি ডলার ফেরত দেয়।
চীন যদি পাকিস্তানকে এ ধরনের ঋণ দেয় তাহলে সেই অর্থ দিয়ে সৌদি আরবের বাকি ঋণ পরিশোধ করবে ইসলামাবাদ। আগামী মাসের মধ্যে পাকিস্তানকে সৌদি আরবের এ অর্থ পরিশোধ করতে হবে।
অন্যদিকে, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিকভাবে দীর্ঘদিনের সামরিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং রিয়াদ কখনো পাকিস্তানকে ঋণের অর্থ ফেরত দেয়ার জন্য চাপ সৃষ্টি করে নি। কিন্তু চলতি বছরের প্রথম দিকে সৌদি আরব তার নীতি পরিবর্তন করে এবং ঋণের ৩৩০ কোটি ডলার ফেরত দেয়ার জন্য চাপ সৃষ্টি করে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলমানদের ওপর দিল্লির নীপিড়নের বিরুদ্ধে সৌদি আরব নিন্দা না করায় পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি রিয়াদের সমালোচনা করেছিলেন। এরপরই সৌদি আরব পাকিস্তানের প্রতি রুষ্ট হয়।

