লালমনিরহাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে বিয়ের চেষ্টা, গ্রেপ্তার ১

লালমনিরহাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে বিয়ের চেষ্টা, গ্রেপ্তার ১

উত্তরদক্ষিণ | রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:০৮

লালমনিরহাটের আদিতমারীতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে বিয়ের চেষ্টা করার অভিযোগে শনিবার (১৯ ডিসেম্বর) প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আবুল হোসেন কালাম (১৭) কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ইশ্বরকোল গ্রামের আজিজার রহমান চাকুর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, আদিতমারীর টেপা পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১৩) স্কুলে আসা যাওয়ার সময় প্রায়ই উত্ত্যক্ত করত কালাম। এক পর্যায়ে ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সে। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে একাধিকবার বলা হলেও আচরণ সংশোধন করেনি প্রেমিক কালাম।

গত বৃহস্পতিবার মধ্য রাতে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে প্রেমিক কালাম ওই ছাত্রীকে কৌশলে বাড়ি থেকে তুলে নিয়ে নিজ বাড়িতে বাল্যবিয়ের চেষ্টা করে। পর দিন সকালে মেয়েকে ঘরে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর কালামের বাড়িতে তার অবস্থান নিশ্চিত হয় মেয়েটির পরিবার। এরপর মেয়েকে বাড়িতে ফিরিয়ে নেয়ার চেষ্টা করলেও কালামের পরিবার তাকে ফেরত দেয়নি।

বিষয়টি নিয়ে শুক্রবার রাতে মেয়ের বাবা বাদী হয়ে অপহৃত মেয়েকে উদ্ধার করতে কালাম এবং তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে রাতেই অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি এবং অভিযুক্ত কালামকে গ্রেপ্তার করে পুলিশ।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আসামি আবুল হোসেন কালামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে আদালত তাকে হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading