দেশে ফিরেছেন অভিনেতা আবদুল কাদের
উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:২২
ইন্ডিয়ার সিএমসি হাসপাতাল থেকে ঢাকায় ফিরেছেন ক্যানসারে আক্রান্ত জ্যেষ্ঠ অভিনেতা আবদুল কাদের।
রবিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিনি বিমানবন্দরে নামেন। সেখান থেকে সরাসরি তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।
কারণ, তাকে বাসায় নেওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে জানান পরিবারের সদস্যরা। অভিনেতার সঙ্গে সার্বক্ষণিক ছিলেন পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।
ঢাকায় ফেরার পর তিনি বলেন, ‘বাবার অবস্থা আগের চেয়ে একটু ভালো। উনাকে বিমানবন্দর থেকে হাসপাতালে নিয়ে এসেছি। সবাই দোয়া করবেন।’
শরীর দুর্বল থাকায় কেমোথেরাপি দেওয়া হয়নি তাকে। তবে ঢাকার হাসপাতালে ভর্তি হওয়ার পর এখানকার চিকিৎসকদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন পরিবার ও স্বজনরা।
আবদুল কাদেরর জন্ম মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার সোনারং গ্রামে। নব্বই দশকের শুরুর দিকে ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিকে ‘বদি’ চরিত্র দিয়ে সবার নজরে আসেন অভিনেতা আবদুল কাদের। টানা তিন দশকের অভিনয় ক্যারিয়ারে তিনি টানা কাজ করেছেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে।

