রাশিয়া ও চীনের যৌথ বিমান মহড়া
উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৪৩
পূর্ব চীন সাগরের আকাশে রাশিয়া ও চীনের যৌথ বিমান মহড়া
জাপান সাগর ও পূর্ব চীন সাগরের আকাশে বোমারু বিমান দিয়ে মহড়া চালিয়েছে রাশিয়া ও চীন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (২২ ডিসেম্বর) জানিয়েছে, রাশিয়ার দু’টি টিইউ-৯৫এমএস এবং চীনের চারটি এইচ-৬কে কৌশলগত বোমারু বিমান এই যৌথ মহড়ায় অংশ নিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স এবং চীনা পিপলস লিবারেশন আর্মির বিমান বাহিনী এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দূরপাল্লার বিমান দিয়ে দ্বিতীয়বারের মতো যৌথ মহড়া চালিয়েছে।”
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, দু’দেশের মধ্যকার সামরিক সহযোগিতা চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে এ মহড়া চালানো হয়েছে এবং তৃতীয় কোনো দেশকে টার্গেট করে এ মহড়া চালানো হয়নি। এছাড়া, এতে আন্তর্জাতিক আইনও কঠোরভাবে মেনে চলা হয়েছে।
রাশিয়া ও চীনের সামরিক বিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় ঢুকে পড়েছে বলে সিউল প্রতিবাদ জানানোর পর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিবৃতি দেয়।

