‘ভ্যাকসিনের বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে ইন্ডিয়া’
উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:০০
বাংলাদেশকে করোনা ভ্যাকসিন পাওয়ার বিষয়ে ইন্ডিয়া সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
বুধবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান ইন্ডিয়ান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
বাংলাদেশ-ভারত মৈত্রী চিরঞ্জীব হবে উল্লেখ করে ইন্ডিয়ান হাইকমিশনার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন বাংলাদেশের স্পিরিট। বাংলাদেশের জন্য তাঁর আত্মত্যাগ এদেশের জনগণ ভুলতে পারবে না। এ দেশ স্বাধীন হয়েছে ত্রিশ লাখ শহীদ, অসংখ্য নারীর সম্ভ্রম ও ত্যাগের বিনিময়ে।’
তিনি আরও বলেন, ইন্ডিয়া ও বাংলাদেশের আজকের যে সম্পর্ক, দুই দেশের এই সম্পর্কের জন্য আওয়ামী লীগের অনেক অবদান রয়েছে। করোনা ভাইরাসের কারনে আওয়ামী লীগ অনেক নেতাকর্মীদের হারিয়েছে। তিনি তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করতে এসে জীবন উৎসর্গকারী অর্ধশতাধিক ইন্ডিয়ান সৈনিকের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোরাইস্বামী বলেন, ‘আমার বাবা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন পাইলট হিসেবে। তাই আমি খুব গর্বিত।’

