বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতেই ভাস্কর্য ভাঙচুরের ঘটনা: কৃষিমন্ত্রী
উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:৩০
ভাস্কর্য ও মূর্তি এক নয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, যারা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারা এখনও তৎপর রয়েছে। তারা এখনও বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা ও দর্শনকে হত্যা করতে চায়। সেজন্যই তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে।
বুধবার (২৩ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনকালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
তিনি বলেন, ভাস্কর্যের একটা নান্দনিক দিক রয়েছে, এটি একটি শিল্প। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে তার স্মৃতিকে ধরে রাখার জন্য। তার আদর্শ ও চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য।’
প্রসঙ্গত, কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) ব্যবস্থাপনা ও অর্থায়নে ম্যুরালটি নির্মাণ করা হয়েছে, যার উচ্চতা ১০ ফুট ও প্রস্থ ৮ ফুট। এটি নির্মাণে সময় লেগেছে তিন মাস এবং ব্যয় হয়েছে প্রায় ২০ লাখ টাকা। এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল, বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, সংস্থাপ্রধান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

