করোনা আক্রান্ত মায়ের গর্ভের সন্তান নিরাপদ: গবেষণা
উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:৪০
সন্তানের জন্ম দেওয়ার আগে মা করোনাভাইরাসে আক্রান্ত হলেও গর্ভের সন্তানের করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। চলতি বছরের বসন্তে আমেরিকার বসটনের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ১২৭ জন নারীর ওপর জরিপ চালিয়ে গবেষণাটি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়া ওই সমস্ত গর্ভবতী নারীদের মধ্যে ৬৪ জনের করোনা পজেটিভ ছিল। তবে পরবর্তীতে তাদের গর্ভে জন্ম নেওয়া নবযাতকদের মধ্যে করোনা পজিটিভ পাওয়া যায়নি।
গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এ গবেষণাটি করা হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেল্থের অর্থায়নে।
যুক্তরাষ্ট্রের ইউনিস কেনেডি শ্রিভার ন্যাশনাল ইনস্টিটিউট অব চাইল্ড হেল্থ অ্যান্ড হিউম্রান ডেভেলপমেন্টের পরিচালক ডায়ানা বিয়াঞ্চি বলেন, এ গবেষণাটি আবারও আশ্বস্থ করল যে, মা গর্ভবতী হলেও নবজাতকের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। তবে শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণা হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
স্বাস্থ্য সংস্থা বলছে, করোনায় আক্রান্ত মায়েদের ক্ষেত্রে নবজাতকদের মধ্যে ভাইরাস সংক্রমিত হওয়ার ঝুঁকি সম্পর্কে এখনও অনেক কিছুই অজানা। জন্মের পরে নবজাতকের মধ্যে ভাইরাস পজিটিভ পাওয়ার উদাহরণ রয়েছে। তবে সেটি মায়ের গর্ভ থেকেই পজিটিভ নিয়ে জন্ম, নাকি জন্ম হওয়ার পর সংক্রমিত ব্যক্তির থেকে সংক্রমিত, তা নিশ্চিত হওয়া যায়নি।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৬ লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

