হোয়াইট হাউজের ভাইরাস বিশেষজ্ঞের পদত্যাগ
উত্তরদক্ষিণ |বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৩৬
হোয়াইট হাউজের করোনাভাইরাস টাস্কফোর্সের এক শীর্ষ জনস্বাস্থ্য কর্মকর্তা পদত্যাগ করেছেন। ছুটির দিনে একটি জমায়েতের আয়োজন করায় সমালোচনার মুখে পড়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ড. ডেবোরাহ বিরক্স।
থ্যাংকসগিভিং ডে’তে ৬৪ বছর বয়সী ডেলাওয়ারে নিজ বাড়িতে পারিবারিক জমায়েত আয়োজনের পর সমালোচনার মুখে পড়েন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এইডস গবেষক হিসেবে বিশ্বজুড়ে সুপরিচিত ড. ডেবোরাহ বিরক্স। রোনাল্ড রিগ্যান প্রশাসনের সময় থেকেই তিনি মার্কিন সরকারে কাজ করে আসছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে কাজ করার পর তিনি নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেনের প্রশাসনেও একটি কাজ খুঁজছেন বলে জানা যায়।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেইলেঘ ম্যাকান্নি এক টুইট বার্তায় জানিয়েছেন, পদত্যাগের ঘোষণা দেওয়ার পর ড. ডেবোরাহ বিরক্সকে শুভ কামনা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার (২৩ ডিসেম্বর) প্রকাশ হয়ে পড়ে যে থ্যাংকসগিভিং ডে’তে তিনি ওয়াশিংটন থেকে নিজের আরেক বাড়ি ডেলাওয়ারের ফেনউইকে যান। সেখানে নিজের পরিবারের তিন প্রজন্মের সদস্যদের এক জমায়েতে যোগ দেন তিনি। ডেলাওয়ারে থাকা অবস্থায় সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিরক্স বলেন, থ্যাংকসগিভিং ডে ঘিরে বহু আমেরিকান ভ্রমণ করে ভুল করছে। এসব ভ্রমণকারীদের সংক্রমিত হওয়ার ভয় রাখা উচিত বলে সতর্ক করেন তিনি।

