ব্রিটেনে আটকে পড়া লরি চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
উত্তরদক্ষিণ |বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:২৪
নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্তের পর ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় ৪০টিরও বেশি দেশ। প্রতিবেশী ফ্রান্স ২২ ডিসেম্বর আবারও সীমান্ত খুলে দেয়। তবে দুর্ভোগ পিছু ছাড়েনি আটকে পড়া হাজার হাজার গাড়িচালকের।
ব্রিটেনে দীর্ঘ সময় জটে আটকে পড়া লরি চালকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যায়। ভিডিও ফুটেজে দেখা যায় বুধবার (২৩ডিসেম্বর) সকালে কেন্ট কাউন্টির ডোভার শহরে পুলিশ কর্মকর্তারা বেশ কিছু মানুষকে ঠেলে পেছনে পাঠানোর চেষ্টা করছেন।
কেন্ট পুলিশ জানিয়েছে, সড়কে বাধা সৃষ্টি করায় এক জনকে আটক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সীমান্ত পারের অনুমতি পেতে বিগত ৭২ ঘণ্টার মধ্যে করা করোনা টেস্টের ফলাফল নেগেটিভ থাকার শর্ত দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। সে অনুযায়ী সব লরিচালকের করোনা টেস্ট শুরু হয়েছে। কিন্তু দীর্ঘ সারি পেরিয়ে নমুনা দিতে বেগ পেতে হচ্ছে তাদের। আর এসব নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছে লরি চালকেরা।
কেন্ট পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, মাঠপর্যায়ের কর্মকর্তারা সহযোগি সংস্থাগুলোর সঙ্গে মিলে ভ্রমণ প্রত্যাশীদের কোভিড-১৯ টেস্ট নির্বিঘ্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার (২৩ডিসেম্বর) সকালে কয়েক জন লরি চালক পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায়।
ব্রিটেনের সড়ক পরিবহন কর্তৃপক্ষ (আরএইচএ) জানিয়েছে, আটকে পড়া লরির সংখ্যা ৮ থেকে ১০ হাজার হতে পারে।
ব্রিটিশ স্থানীয় সরকার মন্ত্রী রবার্ট জেনরিক জানিয়েছেন, লরিচালকদের র্যাপিড টেস্ট করানো হচ্ছে। এর মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই ফলাফল পাওয়া সম্ভব। যাদের ফলাফল নেগেটিভ আসবে, তাদের পিসিআর টেস্টও করানো হবে।

