রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে তুরস্ককে সম্পৃক্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:১০
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে তুরস্ককে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কভসগ্লু সৌজন্য সাক্ষাত করতে আসলে এ আহ্বান জানান শেখ হাসিনা।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।
ভৌগলিক অবস্থানের কারণে বিশাল আঞ্চলিক বাজার এবং অভ্যন্তরীণ বাজারের কথা উল্লেখ করে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে আরও বেশি বিনিয়োগের জন্যও তুরস্কের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রে অবস্থানের কারণে এর বিশাল বাজার রয়েছে। তুরস্ক এখানে বিনিয়োগ করলে উভয় দেশই লাভবান হবে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কভসগ্লু বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে তুরস্কের আগ্রহের কথা জানিয়ে বলেন, তুরস্ক বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে মূল্য দেয়।
দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী করার জন্য যা কিছু করার তার দেশ সেটা করবে বলেন জানান তিনি।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী বলেন, জ্বালানি থেকে পর্যটন সব খাতেই তুরস্ক বাংলাদেশে বিনিয়োগ করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেবাননের রাজধানী বৈরুত বন্দরের ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বিজয়’ মেরামত করে দেয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী এসময় তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণের কথা পুনর্ব্যক্ত করেন।
জবাবে সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি উন্নতি হলে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তীতে মার্চে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বাংলাদেশ সফর করতে পারেন।
তুর্কি প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশের অগ্রগতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী করোনা মহামারির পরিস্থিতি মোকাবিলায় শেখ হাসিনা সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন।
এসময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান উপস্থিত ছিলেন।

