জেলখানায় মাদক ঢোকা বন্ধে হাইকোর্টের ৮ নির্দেশ

জেলখানায় মাদক ঢোকা বন্ধে হাইকোর্টের ৮ নির্দেশ

উত্তরদক্ষিণ | রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:৫০

কারাগারের ভেতরে সব ধরনের মাদক দ্রব্যের সরবরাহ বন্ধে যথাযথ পদক্ষেপ ও ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। সেই সঙ্গে কারাবন্দিদের সঙ্গে সাক্ষাতে আসা দর্শনার্থীদেরও কঠোর তল্লাশি করতে বলা হয়েছে। কারাগার, কারাবন্দিদের নিরাপত্তা সংক্রান্ত ৮ দফা নির্দেশনার এ আদেশ দিয়েছে হাই কোর্ট।

রবিবার (২৭ ডিসেম্বর) লিখিত আদেশটি সাংবাদিকদের দেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।

৮ নির্দেশনা

বিচারাধীন মামলায় বা দণ্ডিত কারাবন্দিদের নাম, ঠিকানা, মামলার নম্বর, মামলার ধারা, কোন আদালতে মামলা বিচারাধীন বা কোন আদালতের রায়ে কী দণ্ড হয়েছে, কারা মহাপরিদর্শক, জেলার, ডেপুটি জেলারকে সেসব তথ্য রেজিস্ট্রারে রাখতে হবে।

কারা কর্তৃপক্ষকে বিচারাধীন মামলার বা দণ্ডিত কারাবন্দিদের কারাগারে আসা এবং বের হওয়ার তারিখ রেজিস্ট্রারে উল্লেখ থাকতে হবে।

যথাযথভাবে যাচাইয়ের পর নিশ্চিত হয়ে কারাকর্তৃপক্ষ বা কারা কর্মকর্তাকে কারাবন্দির ওকালতনামায় সাক্ষর করতে হবে বা সিল দিতে হবে।

সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ অথবা কারা কর্মকর্তা ওকালতনামার যেখানে স্বাক্ষর করবেন বা সিল বসাবেন, তার পাশে ওই কর্মকর্তার পুরো নাম, কারাগারের ল্যান্ডফোন ও মোবাইল ফোন নাম্বার উল্লেখ করবেন।

কোনো অশোভন, অযাচিত পরিবেশ-পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে জন্য যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি কারাগার ও কারা প্রাঙ্গণের শান্তি, নিরাপত্তা বজায় রাখতে কারা কর্তৃপক্ষকে সবসময় সতর্ক এবং সজাগ থাকতে হবে।

কারাগারের ভেতরে সব ধরনের অবৈধ মাদক দ্রব্যের সরবরাহ বন্ধে কারা কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ ও ব্যবস্থা নিতে হবে।

কারাবন্দিদের সঙ্গে সাক্ষাত করতে আসা সাক্ষাতপ্রার্থী ও দর্শনার্থীদের কঠোরভাবে তল্লাশি করতে হবে। কোনো সাক্ষাতপ্রার্থী, দর্শনার্থী কারো কাছে কোনো মাদকদ্রব্য,অবৈধ কিছু পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনৗয় এবং যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে।

কারা আইন, ১৮৯৪, কারাবন্দি আইন, ১৯০০ এবং বাংরাদেশ জেলকোডসহ সংশ্লিষ্ট সব আইনের বিধান কারা কর্তৃপক্ষকে কঠোরভাবে প্রতিপালন করতে হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading