২৪ পৌরসভার ভোট সোমবার
উত্তরদক্ষিণ | রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:০৫
পৌরসভা নির্বাচনের প্রথম ধাপের ২৪টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগহণ।
রোববার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের যুগ্ন-সচিব (পরিচালক জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, পৌরসভা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। করোনার কারণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) একটানা ভোটগ্রহণ চলবে।
তিনি বলেন, নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।
প্রথম ধাপে যেসব পৌরসভায় ভোট হবে তা হলো- পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোণার মদন, মানিকগঞ্জ, ঢাকার ধামরাই, সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুণ্ড।
প্রথম ধাপের এই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রার্থীরা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এসব পৌর এলাকায়। পাশাপাশি লড়ছেন স্বতন্ত্র প্রার্থীও।

