ইন্ডিয়ায় করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত ২০
উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:২০
ইন্ডিয়ায় করোনা ভাইরাসের নতুন স্ট্রেনে আরও ১৪ জন আক্রান্ত হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর)সকালে এখবর জানায় ইন্ডিয়ার সংবাদমাধ্যম।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ৬ জনের দেহে মিলেছিল করোনার নতুন রূপ। ফলে পরপর দু’দিনে দেশে মোট এই নতুন স্ট্রেনের সংখ্যা দাঁড়াল ২০ তে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সংখ্যা যদি ক্রমে ক্রমে বাড়তে থাকে, তবে তা রীতিমতো বিপজ্জনক।
জানা গিয়েছে, নতুন আক্রান্ত হওয়া ১৪ জনই ব্রিটেন থেকে ফিরেছেন। তাদের দ্রুত আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা ভাইরাসের প্রোটিনে বারবার পরিবর্তন হতে হতে এই চেহারা নিয়েছে। প্রাথমিক গবেষণা বলছে, পুরনো ভাইরাসের থেকে নতুন স্ট্রেন আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এই মিউটেশনকে N501Y বলে চিহ্নিত করেছেন গবেষকরা। তবে সত্যিই এই স্ট্রেন আরও বেশি দ্রুত ছড়িয়ে পড়ছে কিনা, তা পরীক্ষিত নয়।

