স্ত্রীকে চাঁদে কেনা জমি উপহার দিলেন স্বামী

স্ত্রীকে চাঁদে কেনা জমি উপহার দিলেন স্বামী

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৪৫

চাঁদে জমি কেনার স্বপ্ন সত্যি হলো স্বপ্না অনিজা নামের এক নারীর। স্বপ্ন পূরণ করেছেন তার স্বামী। তাদের বিবাহবার্ষিকীতে স্বপ্নার স্বামী তাকে চাঁদে কেনা তিন একর জমি উপহার দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্ত্রীকে ব্যতিক্রমী উপহার দেওয়া ওই ব্যক্তি হলেন ধর্মেন্দ্র অনিজা। তার বাড়ি ইন্ডিয়ার রাজস্থানে। গত ২৪ ডিসেম্বর ছিল ধর্মেন্দ্র অনিজা ও স্বপ্না অনিজার অষ্টম বিবাহবার্ষিকী। এদিন স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন ধর্মেন্দ্র।

ইন্ডিয়ার সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র জানান, নিজেদের অষ্টম বিবাহবার্ষিকীতে স্ত্রীর জন্য তিনি ব্যতিক্রমী কিছু করতে চেয়েছিলেন। এজন্য দীর্ঘদিন পরিকল্পনাও করেছেন। ‘সবাই বিবাহবার্ষিকীতে স্ত্রীকে গাড়ি না হয় শাড়ি, গহনা উপহার দেন। কিন্তু আমি অন্য কিছু করতে চেয়েছিলাম। এজন্য চাঁদে তার জন্য জমি কিনেছি।’ বলেন তিনি।

জানা গেছে, আমেরিকার নিউইয়র্কের লুনা সোসাইটি ইন্টারন্যাশনালের কাছ থেকে তিন একর জমি কিনেছেন ধর্মেন্দ্র আনিজা দম্পতি। গোটা প্রক্রিয়া শেষ করতে তার এক বছরের মতো সময় লেগেছে।
ধর্মেন্দ্র জানান, জমি কিনে তিনি অনেক খুশী । কারণ রাজস্থান থেকে তিনিই প্রথম ব্যক্তি হিসেবে চাঁদে জমি কিনেছেন।

অভিনব উপহার পেয়ে আনন্দে আপ্লুত ধর্মেন্দ্রর স্ত্রী স্বপ্নাও। তিনি বলেন, কোনও দিনও ভাবতে পারিনি এমন একটা উপহার পাব। উপহারটি পাওয়ার পর মনে হচ্ছিল আমি যেন চাঁদে বসে আছি।

উল্লেখ্য, ইন্ডিয়ানদের মধ্যে চাঁদে জমি কেনার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে বলিউড অভিনেতা শাহরুখ খান, সুশান্ত সিং রাজপুতও চাঁদে জমি কিনেছেন। এছাড়াও বোধগয়ার এক ব্যক্তিও চাঁদে এক একর জমি কিনেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading