কঙ্গনা রানাউতকে চাকরির প্রস্তাব দিলেন দিলজিৎ
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১১:৪৫
কঙ্গনা বনাম দিলজিৎ, নেটযুদ্ধের জেরে সোমবার (৫ জানুয়ারি) অভিনেত্রী কঙ্গনা রানাউতকে তার হয়ে জনসংযোগের কাজ করার প্রস্তাব দিয়েছেন দিলজিৎ।
কৃষকদের প্রতিবাদকে ‘দেশদ্রোহী’ কার্যকলাপ বলে মন্তব্য করেন কঙ্গনা রানাউত। তার বিতর্কিত মন্তব্যে পাঞ্জাবের তারকা জগৎ ক্ষুব্ধ হয়। তর্কবিতর্ক চলছে ১ মাস যাবত। এক পক্ষ ফুঁসে উঠলেই অন্য পক্ষ বাক্যবাণ নিয়ে প্রস্তুত। কৃষকদের প্রসঙ্গ থেকে বলিউডের প্রসঙ্গে এসেছে বহু বার। কঙ্গনা এমনকি, পঞ্জাবি সুপারস্টার দিলজিৎকে ‘কর্ণ জোহরের পোষ্য’ বলেও অপমান করেন কঙ্গনা।
দিল্লিতে আন্দোলনরত কৃষকদের জন্য গরম কাপড় ও কম্বলের ব্যবস্থা করতে এক কোটি টাকা দিয়েছিলেন পঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোশাঞ্জ। দিল্লি সীমান্তে কৃষকদের সঙ্গে যোগও দিয়েছিলেন এ গায়ক।
দিলজিৎ টুইটারে নিজের ঘুরতে যাওয়ার ছবি দিয়েছিলেন। সেই পোস্টটি শেয়ার করে সোমবার (৫ জানুয়ারি) টুইট করেন কঙ্গনা, ‘বাহ ভাই, দেশে আগুন লাগানোর জন্য কৃষকদের রাস্তায় বসিয়ে রেখে স্থানীয় বিপ্লবীরা বিদেশে ঘুরে বেড়াচ্ছে। একেই বলে স্থানীয় বিপ্লব!’
থেমে থাকলেন না দিলজিৎও। টুইট করে জানালেন, তিনি কঙ্গনাকে নিজের পিআর পার্সনের কাজ দিতে চান। তার মতে, কঙ্গনার মতো সারা ক্ষণ তাকে নিয়ে আর কেউ ভাবে না।

