হিলিতে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১১:০২
দিনাজপুরের হিলিতে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই রুহুল আমিনের কাঠের আঘাতে মুক্তার হোসেন (৩০) নামে আপন বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগমও (২৫) গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বিকেলে হিলির খট্টামাধবপাড়া ইউনিয়নের দক্ষিণ মাধবপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন ও অভিযুক্ত হামলাকারী রুজহল আমিন ওই এলাকার সাহেব উদ্দিনের ছেলে।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ গণমাধ্যমকে জানান, বাড়ির এক শতাংশ জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এছাড়াও রুহুল আমিন বেশ কয়েকদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এলাকাবাসী জানিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকেলের দিকে তাদের দুজনের মাঝে কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে ছোট ভাই রুহুল আমীন কাঠের বাটাম দিয়ে বড়ভাই মুক্তারের মাথায় আঘাত করে। এসময় মুক্তারকে বাঁচাতে তার তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম এগিয়ে আসলে তাকেও বেধড়ক পেটাতে থাকে রুহুল আমিন। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে রুহুল আমিন বাড়ি থেকে বের হয়ে সীমান্ত এলাকার দিকে পালিয়ে যায়। এলাকাবাসী আহত অবস্থায় মুক্তার হোসেনকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও মুক্তারের স্ত্রী আঞ্জুয়ারা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় থানায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ দেননি, তারপরেও আমাদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে, ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হবে। এছাড়াও পলাতক রুহুল আমিনকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

