স্বাস্থ্য প্রতিবেদন লাগবে না সরকারি কর্মচারীদের
উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২০:১৫
সরকারি কর্মচারীদের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) ফরমে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন লাগবে না। করেনা ভাইরাস মহামারির কারণে তাদের এই সুযোগ দেওয়া হচ্ছে।
সোমবার (১১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, বিদ্যমান কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের বার্ষিক/আংশিক গোপনীয় অনুবেদন ফর্ম দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণের আবশ্যকতা থেকে অব্যাহতি দেয়া হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, এ অনুশাসনমালা জারির পর থেকে যারা গোপনীয় অনুবেদন জমা দেবেন, তাদের নতুন ফরম পূরণ করে বার্ষিক গোপনীয় অনুবেদন দাখিল করতে হবে। যারা অনুশাসনমালাটি জারির আগেই এ বছরের গোপনীয় অনুবেদন জমা দিয়েছেন অথবা স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন গ্রহণ করেছেন তাদের নতুন ফরমে জমা দেয়ার প্রয়োজন নেই।
জারি করা নতুন অনুশাসনমালা ও ফরমটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট http://www.mopa.gov.bd থেকে ডাউনলোড করা যাবে।

